গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে।
তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক ভর্তির তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন এবং সিলেটে ১৭৬ জন রোগী হাসপাতালে এসেছেন। এছাড়া বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।