দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ এবং পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যেই সড়কে এই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং পোশাক খাতের বিকাশে শতভাগ আন্তরিক। চলতি অর্থবছরে শ্রমিক ও শিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে। এরপরেও যে ধরনের কর্মকাণ্ড চলছে, তা থেকে স্পষ্ট যে একটি মহল বাংলাদেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করতে চায়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অর্জিত নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে একটি মহল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ খাত রক্ষার দায়িত্ব সরকার, শ্রমিক বা মালিকদের একার নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সড়কে বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের তৈরি পোশাকশিল্পের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গাজীপুরে তৈরি পোশাক এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে। আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে বিশ্বদরবারে গর্বিত হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতিগত সহায়তায় তা এগিয়ে যায়। বিএনপি সরকার সবসময় এই শিল্পের প্রসার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিতে সচেষ্ট ছিল বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত আছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে।

অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোর অনুমোদনের বিষয়টি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। এ জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ধন্যবাদ জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি বলেন, একটি জাতির প্রকৃত সম্পদ সুউচ্চ অট্টালিকা নয়, বরং যারা এগুলো নির্মাণ করেন তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাই আসল সম্পদ। কোনো শ্রমিককে জীবিকার জন্য জীবনের ঝুঁকি নিতে না হয়—এমন নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।