সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে সাইক্লোন শেল্টার নির্মাণের বর্তমান নকশা ও পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মাঠটি সংকুচিত হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় তরুণ সমাজ, সচেতন মহল ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে জোর প্রতিবাদ জানাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থের এই মাঠটি কেবল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই নয়, বরং গোপাখালী, দাদপুর ও টাউনশ্রীপুর-পালপাড়াসহ আশপাশের তিন-চারটি গ্রামের শিশু-কিশোর ও যুবসমাজের খেলাধুলা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একমাত্র কেন্দ্রবিন্দু।
এলাকাবাসীর অভিযোগ, ২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫৫ ফুট প্রস্থের ‘এল’ আকৃতির সাইক্লোন শেল্টার নির্মাণের যে পরিকল্পনা করা হয়েছে, তা মাঠের বড় একটি অংশ দখল করে নেবে। তাদের মতে, প্রস্তাবিত ভবনের উল্লম্ব অংশটি পূর্ব-পশ্চিম বরাবর দীর্ঘ হলে মাঠের ১০০ ফুটেরও বেশি অংশ ভবনের আওতায় চলে যাবে। এতে মাঠটি খেলাধুলা ও অন্যান্য আয়োজনের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা দাবি জানিয়েছেন, ২০২১-২২ সালের প্রাথমিক স্কেচ ম্যাপ অনুযায়ী ভবনের উল্লম্ব অংশ উত্তর-দক্ষিণ এবং আনুভূমিক অংশ পূর্ব-পশ্চিম বরাবর রাখা হোক। নকশার এই পরিবর্তনের কারণ নিয়ে প্রশ্ন তুলে তারা পুরোনো ভবনের কিছু অংশ অপসারণ করে আগের বিন্যাস ফিরিয়ে আনা অথবা বিকল্প কোনো স্থানে শেল্টারটি নির্মাণের অনুরোধ করেছেন। উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের প্রয়োজনীয়তাকে তারা গুরুত্ব দিলেও বলছেন, এটি যেন এলাকার একমাত্র খেলার মাঠ সংকুচিত করে না করা হয়। মাঠের পরিসর কমে গেলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং যুবসমাজের সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় তরুণ সমাজ ও এলাকাবাসী উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনরায় বিবেচনার দাবি জানিয়েছেন।