জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট শর্ত আরোপ করেছেন। রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমেই জনগণ বুঝতে পারবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে এই বার্তা যাবে যে সরকার প্রকৃতপক্ষে জাতীয় ঐকমত্য চাচ্ছে। অন্যথায়, এই প্রক্রিয়াকে কেবল আওয়ামী লীগ ঠেকানোর একটি কৌশল হিসেবে বিবেচনা করা হবে, যেখানে জানুয়ারি মাসে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলা হতে পারে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের কোনো প্রক্রিয়ায় তার দল অংশ নেবে না।
দেশের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালে তাতে সাড়া দেওয়ার কথা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা শুনতে চাচ্ছি প্রধানমন্ত্রী আসলে কী চাচ্ছেন, কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন এবং এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।
জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকা জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে সরকার যে অঙ্গীকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপ নিতে হবে যেন আমরা আশ্বস্ত হতে পারি। এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক বিষয়গুলোতে বর্তমান সরকার যদি অঙ্গীকারাবদ্ধ হয়, তবেই জাতীয় ঐক্য হতে পারে।