একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার দৃশ্য প্রকাশ্যে এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই ভিডিওতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি নতুন ও উন্নত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শন করে। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব বলে দাবি করেছে বাহিনীটি।
নতুন উন্মোচিত এই ব্যবস্থাটি ইরানের আগে ব্যবহৃত দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় বেশ উন্নত বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্বের প্রযুক্তিতে একযোগে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছুড়তে পারত। তরল জ্বালানি ব্যবহারের ফলে পরিচালনাকারীরা ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার বাড়তি সুবিধা পান, যা একে আরও বেশি কার্যকর করে তোলে।
সামরিক সক্ষমতা বৃদ্ধির তথ্য জানিয়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেন, ইরানের শক্তি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। নিজের বক্তব্যের সপক্ষে তিনি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুসারে, নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে বা লম্বালম্বিভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সুবিধা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সহজ হতে পারে। এ ছাড়া দেশটির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা, নিশানা ভেদের নিখুঁত দক্ষতা এবং যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) সাহায্য ছাড়া স্বয়ংক্রিয় পথনির্দেশনা পাওয়ার প্রযুক্তি উন্নত করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
প্রচারিত ভিডিও চিত্রে কয়েক কিলোমিটার বিস্তৃত দীর্ঘ সুড়ঙ্গের ভেতরে সারিবদ্ধভাবে রাখা শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখতে পাওয়া যায়। গতকাল শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এই নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি ঘুরে দেখেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। তবে প্রচারিত এই ভিডিও দৃশ্যটি ঠিক কখন ধারণ করা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।