সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) এলাকায় বাড়ির সীমানায় পানি পড়া নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, একই গ্রামে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্নাতক শ্রেণির এক শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও তার চাচাতো ভাই আমির হোসেনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। মারামারির একপর্যায়ে আমির হোসেনের মা আম্বিয়া বেগম হাতে আঘাত পেয়ে জখম হন। মাকে আহত হতে দেখে উত্তেজিত হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, রবিবার দিবাগত রাত ১টার দিকে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সোহান (২১) নামে এক তরুণকে। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং একটি কলেজের স্নাতক (অনার্স) শ্রেণির ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সোহান। রাত ১টার দিকে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে তিনি কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

একই এলাকায় সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে পরপর দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় পুরো এলাকার মানুষ হতবাক হয়ে পড়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত আমির হোসেনকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।