চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান ও লাখ লাখ খালি সিমকার্ডসহ একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী 'এমভি স্টার লাইন' নামের জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় গত ৭ নভেম্বর সেটিকে আটক করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা গত শুক্রবার বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে জানান, টহলরত নৌবাহিনীর সদস্যরা জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে আটক করেন। তল্লাশিতে জাহাজটির ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে। এ ছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি ফোরজি এলটিই সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রিমলাইন কমোডিটিস ডিএমসিসি এবং নিরাপত্তা ব্যবস্থাপক হংকংভিত্তিক ফুজিয়ান সাকসেস ওশান শিপিং। চীনের শিডাও ও লিয়ানইউঙ্গাং বন্দর থেকে যাত্রা করে জাহাজটি সিঙ্গাপুরে অবস্থান করেছিল এবং ৮ নভেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিপজ্জনক রাসায়নিক জব্দ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যথাযথ সংরক্ষণ না করলে সোডিয়াম পারক্লোরেট থেকে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি থাকে। জাহাজটির প্রশাসনিক নথিপত্র এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়মকানুন মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সোডিয়াম পারক্লোরেট রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক সমুদ্র পরিবহন বিধিতে এটি বিপজ্জনক পণ্য হিসেবে চিহ্নিত। বাংলাদেশে এ ধরনের রাসায়নিক আমদানির ক্ষেত্রে বিস্ফোরক আইন, ১৮৮৪ এবং বিস্ফোরক বিধিমালা, ২০০৪ অনুযায়ী প্রধান বিস্ফোরক পরিদর্শকের কাছ থেকে লাইসেন্স নেওয়া এবং অনুমোদিত গুদামে সংরক্ষণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এই রাসায়নিক আমদানি কঠোরভাবে সীমিত বা নিষিদ্ধ।