সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আলফাত স্কয়ার এলাকায় নিজের ভ্যানগাড়ির চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি খুলে তিনি অন্য জিনিসের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার দেখতে পান। নিরাপত্তার কথা ভেবে স্বর্ণালংকারগুলো তিনি শুরুতে তাঁর ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে রাখেন, কারণ তাঁর দোকানটি অনিরাপদ এবং অতীতে সেখানে তিনবার চুরির ঘটনা ঘটেছে।

ব্যাগটির মালিক সজল তালুকদার শহরের আবুল হোসেন রোডের বাসিন্দা। রোববার বিকেলে তাঁর স্ত্রী স্বর্ণের চুড়ি ও আংটি পরিষ্কার করার পর সজল ও তাঁদের দুই শিশুসন্তানসহ রিকশায় বাসায় ফেরার সময় ব্যাগটি হারিয়ে ফেলেন। বাসায় নেমে ব্যাগটি না পেয়ে সজল দুই বন্ধুকে নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানান এবং বিভিন্ন জায়গায় খোঁজ করেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফেরার পথে তাঁদের রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিকের খোঁজ করছেন। পরে বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে যান।

প্রায় চার ঘণ্টার চেষ্টায় ব্যাগটির মালিকের খোঁজ পেয়ে পুলিশের উপস্থিতিতে রাত ১১টার দিকে ব্যাগটি সজল তালুকদারের কাছে হস্তান্তর করেন আমির উদ্দিন। আমির উদ্দিনের সততায় মুগ্ধ হয়ে সজল তালুকদার তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন। আমির উদ্দিন জানান, তিনি সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় একটি ভাড়া করা ভাঙাচোরা ঘরে পরিবার নিয়ে থাকেন। তিনি বলেন, 'সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।' নিজের সততা সম্পর্কে তিনি আরও বলেন, 'ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।'

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, সজল তালুকদার থানায় বিষয়টি জানানোর পর পুলিশ সদস্যদের সহায়তায় ব্যাগটির খোঁজ করা হয়। আমির উদ্দিনকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে ওসি বলেন, তাঁর সততার কারণেই স্বর্ণালংকারগুলো ফেরত পাওয়া সম্ভব হয়েছে। ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ পাশে ছিলেন বলেও আমির উদ্দিন নিশ্চিত করেন। সজল তালুকদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।'