রাজধানীর নিউমার্কেটের কাছে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গত রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ তাঁকে ডিএমপির ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে হত্যা করা হয় টিটনকে। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক ছিলেন।
টিটন হত্যার ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। এজাহারে কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও সন্দেহভাজন হিসেবে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়েছিল। সেই মামলায় এখন সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হলো।
নব্বইয়ের দশকের আলোচিত সন্ত্রাসী সুইডেন আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম শেখ জিন্নাত আলী। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল ২ নম্বরে। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলেই টিটনকে হত্যা করা হয়েছে।
সুইডেন আসলাম চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন, সেখান থেকে দেশে ফেরার পর ‘সুইডেন’ শব্দটি তাঁর নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন এবং একটিতে অব্যাহতি পেয়েছেন। অস্ত্র আইনের দুটি মামলায় যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হলেও উচ্চ আদালত থেকে তিনি অব্যাহতি পান। পুলিশের নথিপত্র অনুযায়ী, সর্বশেষ ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় আসলামের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। বর্তমানে মামলাটি বিচারাধীন। ওই মামলায় জামিন পাওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ।
এ মামলায় জামিন পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি কারাগার থেকে মুক্তি পান।.টিটন হত্যার তদন্ত আটকে মুঠোফোনে, দেড় মাসেও শনাক্ত হয়নি খুনি.শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার