পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ওসি অলিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, রবি মৌসুমে সরিষা, খেসারি ও মসুরের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় মোট ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এই প্রণোদনা প্রদানের ফলে সংশ্লিষ্ট ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।