ফ্যাসিবাদ ও জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। দুপুর ১টার দিকে শুরু হওয়া এই বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এনসিপি নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া সাজার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন এবং তারা মনে করেন, ৫ আগস্টই ফ্যাসিবাদী শক্তির পরাজয় নিশ্চিত হয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে ভারতকে শক্তিশালী বার্তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, দেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির প্রতিনিধিরা।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার একান্ত আলোচনার ধারাবাহিকতায় এই সংলাপ প্রক্রিয়া শুরু হয়েছে। এনসিপি প্রথম দল হিসেবে এই সংলাপে অংশ নিল এবং পর্যায়ক্রমে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনার কথা রয়েছে।