থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। রোববার দিবাগত রাতে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি ঢাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তার নাম উঠে আসায় পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। তাকে গত ২৯ এপ্রিল নিউমার্কেট এলাকায় খুন হওয়া আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির মধ্যে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। ওই সময় তার সঙ্গে মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন এবং মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস’সহ আলোচিত সাত সন্ত্রাসী কারামুক্ত হন। গালিব হত্যা মামলায় জামিনের নথিপত্র কারাগারে পৌঁছানোর পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ৬২ বছর বয়সে তিনি কারামুক্ত হয়ে স্বজনদের সঙ্গে ঢাকায় ফেরেন।
এর আগে ১৯৯৭ সালের ২৬ মে ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসার উদ্দেশে রওনা হওয়া একটি রেফ্রিজারেটরবাহী ভ্যানগাড়ির পিছু নিয়ে গোয়েন্দা পুলিশ ৩৫ বছর বয়সী আসলামকে গ্রেপ্তার করেছিল। সেই থেকে দীর্ঘ ২৭ বছর তিনি বন্দিজীবন কাটান। নবাবগঞ্জের পৈতৃক ভিটা ছেড়ে স্বাধীনতার পর তার বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বাস শুরু করেন। ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা ছিল তার বাবার। আসলাম তেজগাঁও পলিটেকনিক স্কুলে (বর্তমান তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়) পড়াশোনা করতেন। সে সময় তিনি খুব ভালো ফুটবল খেলতেন এবং স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায় অংশ নেন। তবে এসএসসি পাস করে তেজগাঁও কলেজে ভর্তি হওয়ার পর থেকেই অপরাধ জগতে জড়িয়ে পড়েন তিনি।
১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এর পর থেকে তার নাম একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ে। তার প্রথম স্ত্রী ইতি সুইডেনে থাকতেন। আসলামও কিছুকাল সুইডেনে অবস্থান করে ঢাকায় ফেরেন, যার পর থেকে রাজাবাজারের শেখ আসলাম পরিচিত পান ‘সুইডেন আসলাম’ নামে। পরবর্তী সময়ে ইতির সঙ্গে বিচ্ছেদ হলে ইতি আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামের অপর এক অপরাধীকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন নিহত হলে সেই মামলার অভিযোগপত্রে আসলামকে আসামি করা হয়। মামুনের সঙ্গে ইতির সম্পর্ক মেনে নিতে না পেরেই আসলাম তাকে হত্যা করেন বলে তৎকালীন সংবাদমাধ্যমে উঠে আসে। ইতির সঙ্গে বিচ্ছেদের পর আসলাম তার চাচাতো বোন সিমিকে বিয়ে করেন।
২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন, পিচ্চি হান্নান, হারেস, টোকাই সাগর ও টিটনসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হলেও তাতে আসলামের নাম ছিল না। তবে ২০১০ সালে পুলিশ ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে, তাতে তার নাম যুক্ত হয়। গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। ২০১৪ সালের মার্চে কারা কর্তৃপক্ষ অভিযান চালিয়ে তার কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। সে সময় গোয়েন্দা সংস্থা তাদের কল রেকর্ড আড়ি পেতে তথ্য পায় যে, পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী কারাগারে থাকা আসলামের হয়ে মাঠে কাজ করতেন।
সুইডেন আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। ২০২৪ সালে তার মুক্তির সময় বাসসের প্রতিবেদনে ৯টি হত্যাসহ ২২টি মামলার উল্লেখ করা হয়েছিল। তবে ২০১৫ সালে ঢাকা মহানগর পুলিশ কর্তৃক কারা প্রশাসনকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, আসলামের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ১১টিতেই তিনি খালাস পেয়েছেন। কেবল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা মামলাটি বিচারাধীন ছিল। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হওয়ার পর আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা ও ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় ২০০৩ সালে গালিবের স্ত্রী শম্পা ও ২০০৬ সালে চুন্নু মিয়া সাক্ষ্য দেওয়ার পর টানা ৯ বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ২০২৪ সালে জামিনে মুক্তির সময় পর্যন্ত ২৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৪ জনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছিল।
২০২২ সালে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের এক লেখায় বলা হয়, সিমি নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।.তৎপর শীর্ষ সন্ত্রাসীরা, আধিপত্য বিস্তারে খুনোখুনি.কত মামলাসুইডেন আসলামের বিরুদ্ধে কত মামলা হয়েছিল, কয়টিতে তিনি খালাস পেয়েছেন, কয়টি চলছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।