তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই বিষয়ে মালিক ও শ্রমিক উভয়পক্ষই সংশোধিত পুনঃপ্রস্তাব জমা দেবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, মালিকপক্ষের দেওয়া আগের প্রস্তাব শ্রমিক নেতারা যৌক্তিক মনে করেননি। একইভাবে, মালিকপক্ষও শ্রমিকদের দেওয়া প্রস্তাবকে যথাযথ হিসেবে গ্রহণ করতে পারছে না। এ অবস্থায় উভয়পক্ষকে নতুন করে সংশোধিত প্রস্তাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তাব পাওয়ার পর বোর্ড পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে মালিকপক্ষ ঠিক কত টাকা মজুরির প্রস্তাব করেছে, তা এখনই প্রকাশ করতে রাজি হননি বোর্ড সদস্যরা।
চেয়ারম্যান ব্যাখ্যা করেন, আলোচনা চূড়ান্ত হওয়ার আগে কোনো নির্দিষ্ট অংক প্রকাশ করা হবে না। মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যে চূড়ান্ত মজুরি নির্ধারণ করবে, তা বাস্তবায়নের দায়ভার মালিকপক্ষের ওপরই বর্তায়। তাই আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টির সুযোগ রাখতে চায় না বোর্ড। এ বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মজুরির অংক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেগুলোকে বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে গণ্য না করার আহ্বান জানিয়েছেন তিনি।
তৈরি পোশাক শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, অন্য কোনো রপ্তানিমুখী খাতে এত বিপুল সংখ্যক মানুষ যুক্ত নেই। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি দেশের সামগ্রিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে মজুরি নির্ধারণের কাজ চলছে। শ্রম আইন অনুযায়ী বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং বোর্ড কোনো অবাস্তব সিদ্ধান্ত নিতে চায় না।
বোর্ডের কাজের গতি প্রসঙ্গে চেয়ারম্যান জানান, আইনগতভাবে বোর্ডের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত হলেও তারা দ্রুত কাজ শেষ করতে আগ্রহী। নিয়ম অনুযায়ী সাত দিন পরপর সভা হওয়ার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থ ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় স্বল্প বিরতিতে সভা আয়োজনের চেষ্টা চলছে। উল্লেখ্য, অনিবার্য কারণে ১৬ নভেম্বর নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর ২৩ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।