সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে মাতারবাড়ীতে প্রস্তাবিত জ্বালানি সংক্রান্ত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ। বৈঠকে প্রতিনিধিদলটি মাতারবাড়ী এলাকায় এই টার্মিনালগুলো নির্মাণের বিস্তারিত রূপরেখা ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে।
প্রস্তাবনা উপস্থাপনের সময় প্রতিনিধিদলের প্রতিনিধিরা জানান, অবকাঠামো ও ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী এলাকাটিও একটি বিশ্বমানের ‘এনার্জি হাব’ হয়ে ওঠার জোরালো সম্ভাবনা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে এই বিনিয়োগের আগ্রহকে সাধুবাদ জানান। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশে বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও পরিবেশের প্রশংসা করে। দেশের বিকাশমান অর্থনীতিতে তৈরি হওয়া বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা অত্যন্ত আন্তরিক ও আগ্রহী বলে উল্লেখ করে।
উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যদিকে কোরিয়ান প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ।