রাজধানীর বনানীতে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের শিকার বহুতল ভবন ‘এফআর টাওয়ার’ নতুন করে চালু করার তোড়জোড় চলছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আনুষ্ঠানিক কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও ভবনটির ভেতরে- বাইরে পুরোদমে সংস্কারকাজ চালানো হচ্ছে। ভাড়া দেওয়ার উদ্দেশ্যে টাঙানো হয়েছে বিশালাকারের ‘টু-লেট’ ব্যানার। ভবনের অধিকাংশ ফ্লোর ইতোমধ্যে ভাড়া হয়ে গেছে বলে দাবি করছেন এর রক্ষণাবেক্ষণ কর্মকর্তারা। তবে রাজউক পরিষ্কার জানিয়েছে, ভবনটি খোলার বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি এবং বেআইনিভাবে চালু করার চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০১৯ সালের ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত এফআর টাওয়ারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের শিখা ও ধোঁয়া থেকে বাঁচতে সুউচ্চ ভবনটি থেকে লাফিয়ে পড়েন বহু মানুষ। ভবনের ভেতরে আটকে পড়ে বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৭৫ জন। ভয়াবহ সেই ঘটনার পর একাধিক মামলার পরিপ্রেক্ষিতে ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভবনের প্রধান ফটকের কাছে ‘টু-লেট এফআর টাওয়ার’ লেখা ব্যানার ঝুলছে, যাতে দুটি মোবাইল নম্বর দেওয়া। ভাড়াটিয়া সেজে একটি নম্বরে যোগাযোগ করা হলে হাসান নামের এক ব্যক্তি জানান, অল্প কিছু জায়গা ছাড়া ভবনের প্রায় সব ফ্লোরই ভাড়া হয়ে গেছে। ভাড়া নিতে চাইলে দ্রুত আসতে হবে। পরে বৃহস্পতিবার দুপুরে ভবনে গিয়ে দেখা যায়, বহিরাংশে কাচ লাগানোর জন্য স্টিলের ফ্রেম বসানো হচ্ছে এবং ভেতরের আগুনে পোড়া মালামাল বের করে বস্তাবন্দি করে নিচতলায় স্তূপ করছেন শ্রমিকরা।

ভবনের কাচঘেরা একটি ছোট অফিসে গিয়ে জানা যায়, তৃতীয় তলায় দেড় হাজার বর্গফুটের একটি স্পেস খালি আছে। সেটি ঘুরে দেখার সময় দেখা যায়, আগুনের প্রচণ্ড তাপে মেঝের টাইলস ফেটে গেছে এবং দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। ক্ষতিগ্রস্ত দেওয়ালে নতুন করে প্লাস্টার ও পানির মোটা পাইপ বসানোর কাজ চলছে। সেখানে পূর্বে ‘ভিভিড ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানের অফিস ছিল, যার পোড়া কম্পিউটার ডেস্ক ও কাগজপত্র এখনো ছড়াছড়ি অবস্থায় পড়ে রয়েছে।

অনুমোদনের বিষয়ে জানতে চাইলে ভবনের ম্যানেজার পরিচয় দেওয়া হাসান দাবি করেন, অনুমোদন নিয়েই কাজ করা হচ্ছে এবং সবাইকে ‘ম্যানেজ’ করতে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে বলেই এবার ভাড়া কিছুটা বেশি। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, প্রতি বর্গফুট ন্যূনতম ৩৮০ টাকা দরে ভাড়া দেওয়া হচ্ছে। সঙ্গে ৬ মাসের অগ্রিম ভাড়া ও ৬ মাসের জামানত দিতে হবে। ভবনের মূল মালিক সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক দুই বছর আগে মারা যাওয়ায় বর্তমানে তার পুত্রবধূ অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস পিয়া ভবনটি দেখাশোনা করছেন।

অন্যদিকে, রাজউকের অনুমোদন না থাকার বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। তবে তিনি তাত্ক্ষণিকভাবে উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মনিরুল হককে ডেকে পাঠান। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মনিরুল হক বলেন, তারা ভবন খোলার চেষ্টার খবর পেয়েছেন এবং শিগগিরই অভিযান চালিয়ে এটি বন্ধ করা হবে। যদিও রাজউকের এই বক্তব্যের এক সপ্তাহ পার হলেও সেখানে কোনো অভিযান চালানো হয়নি এবং সংস্কারকাজ অবাধে অব্যাহত রয়েছে, যা রাজউকের মৌখিক বা পরোক্ষ সম্মতিরই ইঙ্গিত দেয়।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি ভবনটিতে বাতাস চলাচলের সুব্যবস্থা (ভেন্টিলেশন) না থাকা, ফায়ার এক্সিট ও সেফটি লবি অনুপস্থিত থাকা, সিঁড়ি বন্ধ রাখা, অতিরিক্ত দাহ্য পদার্থের ব্যবহার এবং ফায়ার অ্যালার্ম না থাকা সহ একাধিক গুরুতর ত্রুটি চিহ্নিত করেছিল। দুর্ঘটনা প্রতিরোধে তারা ১৫টি সুনির্দিষ্ট সুপারিশও করে, যার মধ্যে ছিল ফলস সিলিংয়ের ভেতরের তার কনসিল করা, অভ্যন্তরীণ পানি সরবরাহ স্থাপন, রিফিউজ এরিয়া তৈরি ও কেন্দ্রীয় ফায়ার অ্যালার্ম বসানো। কিন্তু বাস্তবে এসব সুরক্ষামূলক ব্যবস্থার কোনোটিই বাস্তবায়ন না করেই পুরোনো ঝুঁকিপূর্ণ অবকাঠামোর ওপর ভবন চালু করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কোনো আইনগত পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, অগ্নিকাণ্ডের পর চিহ্নিত সীমাবদ্ধতাগুলো সমাধান করার দায়িত্ব ছিল মালিকপক্ষ ও সরকারি সংস্থাগুলোর। কিন্তু এখানে একটি 'দায়মুক্তির ইকোসিস্টেম' বা ম্যানেজ চক্র গড়ে উঠেছে, যার কারণে চরম ঝুঁকি বহাল রেখে আবারও ভবনটি চালু করা হচ্ছে।

বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলা আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে বিলম্বিত অবস্থায় রয়েছে। পিবিআই-এর তদন্তে উঠে আসে, বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং ভবন ব্যবস্থাপনা কমিটির চরম অবহেলার কারণেই অগ্নিকাণ্ড ও ২৬ জনের মৃত্যু ঘটে। এই মামলায় জমির মালিক সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক, এফআর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি তাসভীর-উল-ইসলাম, সেলিম উল্লাহ, এএ মনিরুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান, ওয়ারদা ইকবাল, কাজী মাহমুদুন নবী ও রফিকুল ইসলামসহ ৮ জনকে আসামি করা হয়। ২০০৮ সালে কাজ শেষ করে হস্তান্তর করায় নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ২৩ তলা নির্মাণের অভিযোগে দুদক ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। কিন্তু সাক্ষীরা নিয়মিত হাজির না হওয়ায় বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। প্রাণহানির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে উল্লেখ করে রাজউকের একাধিক কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।