গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হিরণ ইউনিয়ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সাথে অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনা সম্পর্কে মশিউর রহমান বলেন, ‘মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’ তিনি আরও দাবি করেন যে, শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

পাল্টা অভিযোগ তুলে শফিকুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সে বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়া আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানিয়েছেন, তিনি দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।