পিরোজপুরের বেকুটিয়া সেতুতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শান্ত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেতুর কাউখালী প্রান্তে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার বাসিন্দা শতদল রায়ের ছেলে।

এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী ও সাজিদ (২৩) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে মোট পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠান। এছাড়া আরও তিনজন আহত হওয়ার বিষয়টি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চারজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।