মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার ১৪টি দেশ। সোমবার বৃটেনসহ এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। আইসিজের রায় মেনে চলা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে বৃটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে থাকা নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

এর পাশাপাশি বৃটেন পৃথকভাবে ঘোষণা দিয়েছে যে, তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের জবাবদিহি না হওয়ার কোনো সুযোগ নেই।

বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সম্পদ জব্দ করা হয়েছে এবং তাদের বৃটেনে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধের লক্ষ্যে আইন প্রণয়নের পরিকল্পনা করছে লন্ডন। এছাড়া রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে বৃটেন, যা প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের উপকারে আসবে। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় আরও ৩০ লাখ পাউন্ড ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯শে নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার এমন চূড়ান্ত রায় এটাই প্রথম। মিয়ানমার সরকার এই রায়কে অন্যায্য এবং ‘বড় ধরনের হতাশা’ বলে উল্লেখ করেছে। এর আগে রায় ঘোষণার পরপরই বৃটেন মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিল, আর এবার গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি ও সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটির ওপর চাপ আরও জোরালো করল লন্ডন।