এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে হেরেছে তারা। তবে এই পরাজয়ের আগেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল অধিনায়ক সাইফ হাসানের দল।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে সূচনাটাও দুর্দান্ত করেছিলেন তিনি। প্রথম ওভারেই জোড়া ছক্কা হাঁকিয়ে স্কোরবোর্ডে ১৪ রান যুক্ত করেন সাইফ। এরপর ইমনের ব্যাট থেকেও আসে টানা দুটি বাউন্ডারি। এক পর্যায়ে উদ্বোধনী জুটিতেই তারা স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেন।
তবে দারুণ শুরুর পর হঠাৎ করেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ১০০ রানের মধ্যেই গুরুত্বপূর্ণ ৬টি উইকেটের পতন ঘটে। শেষ দিকে ইফতেখার ইফতি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দলের ইনিংস ১৪৫ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে ইমনের ব্যাট থেকে। এছাড়া ইফতি ৩১ ও অধিনায়ক সাইফ হাসান ২৮ রানের ইনিংস খেলেন।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ইতিবাচক ছিল না। দলীয় ২৩ রানে তারা প্রথম উইকেট হারায়। এরপর ৩৮ রানের জুটি গড়ে লঙ্কানদের ঘুরে দাঁড় করান অধিনায়ক পাভান রত্নায়েকে ও তাঁর সঙ্গী। পরবর্তীতে দলীয় ৬১ রানে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন ঘটলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নোঙর করান অধিনায়ক পাভান। শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।