নেপালের কোশি প্রদেশের লেলেপের কাছে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে এনডিটিভি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিটে এবং বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

এদিকে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য ভিন্নতা প্রকাশ করেছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তের কাছে তাপেলেজুং জেলার ওলাংচুং গোলার নিকটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এর আগে মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসামের কার্বি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প আঘাত হানে। এনসিএস-এর তথ্যমতে, সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।