যথাযথ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ অবস্থান ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, তথাকথিত আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ ভীত নয়। বরং দেশের জনগণ সন্ত্রাসীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের মানুষের এই মনোভাব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

এর আগে, ব্রিফিংয়ের শুরুতে প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন। সরকারের পক্ষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ছাড়াও আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।