ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার আকাঙ্ক্ষা এবং বাস্তবতার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। সরকার যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সেটিও কূটনীতিকদের জানানো হয়েছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ছাড়া কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামির দেশে ফেরার কোনো সুযোগ নেই।
প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা বন্দী হিসেবেই আসতে হবে। তিনি আরও যোগ করেন, অনেকেই মনের জ্বালায় টাকা খরচ করে বিভিন্ন ধরনের খবর প্রচার করাতে পারেন।