ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বৃদ্ধি এবং বিভিন্ন আর্থিক সূচকের অবনতির দায় সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ওপর চাপাতে চায় না বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খেলাপি ঋণের হারসহ ব্যাংক খাতের বিভিন্ন সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা মূলত দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত মানের অবনতিরই প্রকৃত চিত্র। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সম্পদমান পর্যালোচনা বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) পদ্ধতির মাধ্যমে এসব দুর্বলতা সামনে উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে এই আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পর্যালোচনা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই খাতকে টেকসই ও শক্তিশালী করার জন্য প্রকৃত অবস্থা নিরূপণ একটি অপরিহার্য পূর্বশর্ত। তাই সাম্প্রতিক সূচকের পরিবর্তনকে কেবল গত দুই বছরের কাজের ফল হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি দীর্ঘ সময়ের পুঞ্জীভূত সমস্যার প্রতিফলন।

ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংক সমন্বিত সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজনে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুর্বল ব্যাংকগুলোর সক্ষমতা পুনরুদ্ধারে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যার মধ্যে পুনর্মূলধনীকরণ, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কারের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, আগামী চার বছরে এসব সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংক খাত অধিকতর স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়ে উঠবে। এতে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৩: ৫৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩: ৫৯