শেরপুরের শ্রীবরদী সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কর্ণঝোড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই কিশোর হলো নোয়াখালীর হাতিয়া উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের কৃষ্ণচন্দ্র পদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং মৌলভী মহাদেব বাড়ি গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)। কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্ণঝোড়া বাজার এলাকায় দুই কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোর জানায়, তাদের সঙ্গে চন্দনের মা ছিলেন। একপর্যায়ে মাকে হারিয়ে তারা এলাকায় ঘোরাফেরা করছিল। ভারতে তাদের দূরসম্পর্কের আত্মীয়স্বজন থাকায় তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় এসেছিল তারা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।