বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে ভারসাম্য আনার লক্ষ্যে ভিয়েতনামের প্রতি দেশীয় পণ্যের আমদানি বাড়ানোর ও নতুন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করতে এলে রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সে দেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বর্তমানে দুই দেশের বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে। এই ঘাটতি দূর করতে তিনি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য মানসম্মত এবং দামের দিক থেকেও প্রতিযোগিতামূলক। এছাড়া বাংলাদেশি রপ্তানিকারকদের চলতি বছরের মার্চ থেকে আলু রপ্তানির অনুমতি দেওয়ায় তিনি ভিয়েতনামকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত এ সময় দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন তিনি।
রোহিঙ্গা সংকট নিরসনেও ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে ভিয়েতনামের সমর্থন কামনা করেন এবং গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের কথা উল্লেখ করে ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যার বিষয়টি স্মরণ করিয়ে দেন। এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চেয়েছেন তিনি।
এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।