তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার সর্বশেষ পর্যায় অনুযায়ী, পোশাক শ্রমিকদের জন্য মালিকপক্ষ সর্বনিম্ন ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। এর বিপরীতে শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার দাবি তোলা হয়েছে। মঙ্গলবার মজুরি বোর্ডের ৪র্থ সভা চলাকালে বৈকালের ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বিকেল সাড়ে ৪টায় ব্রিফিংকালে জানান, দুপুর ২টায় শুরু হওয়া বৈঠকটি বিকাল ৪টা পর্যন্ত চলে এবং সেখানে মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। শুরুতে মালিকদের পক্ষ থেকে চতুর্থ গ্রেডে ১৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় প্রস্তাবে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বশেষ প্রস্তাবে চতুর্থ গ্রেডের জন্য ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে কোনো পক্ষই অপর পক্ষের প্রস্তাব মেনে না নেওয়ায় আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে একটি সমন্বিত প্রস্তাব তৈরির প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার রাত ৯টার মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেন চেয়ারম্যান।

এর আগে গত ৯ই নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। বর্তমানে এই খাতের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি রয়েছে ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবারের ৪র্থ সভায় নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।

মালিকপক্ষের ধাপে ধাপে মজুরি বাড়ানোর প্রস্তাবনার বিবর্তনে দেখা যায়, ২০২৩ সালের বিদ্যমান কাঠামোর তুলনায় তাদের প্রথম প্রস্তাবে ১ নম্বর গ্রেডে ১৭,৮৫০ টাকা, ২ নম্বর গ্রেডে ১৬, ৯৫০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১৬,১১০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ১৫,০০০ টাকা বলা হয়েছিল। এটি ২০২৩ সালের তুলনায় যথাক্রমে ২,৮১৫ টাকা, ২,৬৭৭ টাকা, ২,৫৬০ টাকা ও ২, ৫০০ টাকা বেশি ছিল। দ্বিতীয় প্রস্তাবে ১ ও ২ নম্বর গ্রেডে ৩০০ টাকা করে এবং ৩ ও ৪ নম্বর গ্রেডে ৫০০ টাকা করে বাড়িয়ে প্রস্তাব করা হয় যথাক্রমে ১৮,১৫০ টাকা, ১৭,২৫০ টাকা, ১৬,৬৫০ টাকা এবং ১৫, ৫০০ টাকা। পরবর্তীতে চূড়ান্ত বা তৃতীয় প্রস্তাবে আগের তুলনায় ১ নম্বর গ্রেডে ৬৭৮ টাকা, ২ নম্বর গ্রেডে ৬৩৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ৩৪৬ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২০০ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৮,৮২৮ টাকা (গ্রেড-১), ১৭,৮৮৭ টাকা (গ্রেড-২), ১৬,৯৯৬ টাকা (গ্রেড-৩) এবং ১৫,৭০০ টাকা (গ্রেড-৪) প্রস্তাব করে মালিকপক্ষ।

অন্যদিকে শ্রমিকপক্ষের দাবির ধাপে ধাপে পরিবর্তনের ক্ষেত্রে প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এ ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ৩২ হাজার টাকা দাবি করা হয়, যা ২০২৩ সালের মজুরির চেয়ে যথাক্রমে ৩২,৯৬২ টাকা, ২৮,৭২৭ টাকা, ২৪,৪৫০ টাকা ও ১৯, ৫০০ টাকা বেশি ছিল। দ্বিতীয় ধাপে শ্রমিকপক্ষ ১, ২ ও ৩ নম্বর গ্রেড থেকে ৮ হাজার টাকা এবং ৪ নম্বর গ্রেড থেকে ৭ হাজার টাকা ছাড় দিয়ে নতুন প্রস্তাব উত্থাপন করে—যেখানে গ্রেড-১ এ ৪০ হাজার টাকা, গ্রেড-২ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩০ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষে তৃতীয় প্রস্তাবে ১ ও ২ নম্বর গ্রেড থেকে আরও ৫ হাজার টাকা এবং ৩ ও ৪ নম্বর গ্রেড থেকে ৩ হাজার টাকা কমিয়ে চূড়ান্ত দাবি পেশ করা হয়। এই সর্বশেষ প্রস্তাব অনুযায়ী গ্রেড-১ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২ এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩ এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২২ হাজার টাকা দাবি করেছে শ্রমিকপক্ষ।