দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসরও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গত আসরের মতো এবারও ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
২০১৬ ও ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরগুলোতে আর্জেন্টিনা বেশ ভালো সাফল্য পেয়েছে, যেখানে তারা যথাক্রমে রানার্সআপ ও চ্যাম্পিয়ন হয়েছিল। আলবিসেলেস্তেদের জন্য যুক্তরাষ্ট্রের মাঠ বেশ সুখস্মৃতির জায়গা।
আসন্ন ২০২৮ কোপা আমেরিকায় কনমেবলের ১০টি এবং কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন) থেকে ৬টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। কনকাকাফ থেকে অংশগ্রহণকারী ৬টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ওপর ভিত্তি করে। সেখানে অবস্থানের মানদণ্ড অনুযায়ী তারা কোপায় খেলার যোগ্যতা অর্জন করবে।
টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে আয়োজনের পেছনে মূলত অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত কারণ রয়েছে। সাম্প্রতিক বিশ্বকাপ আয়োজনের ফলে দেশটির বিভিন্ন শহরের স্টেডিয়ামগুলো পুরোপুরি সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে, যা এই বড় আন্তর্জাতিক আসর আয়োজনে সহায়ক হবে।
কনমেবলের সভাপতি এবং ফিফার ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ এই ঘোষণা নিয়ে বলেন, কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্টই নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের মহত্ত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও যোগ করেন, ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব, যা কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং পুরো মহাদেশজুড়ে ফুটবলের বিকাশ অব্যাহত রাখায় যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে। ডমিঙ্গেজের মতে, এটি নতুন করে প্রমাণ করার সুযোগ দেবে যে ফুটবলের কোনো সীমানা নেই এবং যখন আমরা বড় স্বপ্ন দেখি, তখন আরও অনেকদূর এগিয়ে যেতে পারি।
উল্লেখ্য, আসন্ন ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে শুরুতে ইকুয়েডরও আগ্রহী ছিল, তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই স্বত্ব লাভ করে।