টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা, দরকষাকষি এবং গোপন ভোটের পর পোশাক শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে রাত সাড়ে ৩টার দিকে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন মজুরি কাঠামো কার্যকর হবে এবং শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

চেয়ারম্যান আরও জানান, মজুরি বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো ২০ দিনের মধ্যে এই মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। বোর্ডের সভায় ১ থেকে ৩ নম্বর গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারিত হলেও ৪র্থ গ্রেডের ক্ষেত্রে মালিক ও শ্রমিকপক্ষের ঐকমত্য না হওয়ায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের আশ্রয় নেওয়া হয়। এতে ১৭ হাজার টাকার পক্ষে ৪ জন সদস্য ভোট দেন, বিপরীতে দুইজন সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শ্রমিক বর্তমানে ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের বেতনও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। কারখানাগুলো চাইলে তাদের সক্ষমতা অনুযায়ী এর চেয়ে বেশি বেতনও দিতে পারবে।

নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকদের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) বেতন ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকদের বেতন ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, অনেক দরকষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। গত সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকাল ৪টায় চেয়ারম্যান সাংবাদিকদের ব্রিফিং করেন। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় উভয়পক্ষ মোট ৬ দফা প্রস্তাব দেয় এবং সর্বশেষ রাত দেড়টায় সর্বসম্মতিক্রমে উভয়পক্ষ ঐক্যমতে পৌঁছায়।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, আন্দোলনের সময় ৫০০-৬০০ কারখানা বন্ধ থাকলেও এবার ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি প্রয়োগ করা হয়নি এবং অতীতে আন্দোলনের সময় যে ধরনের কঠোর দমন-পীড়ন দেখা যেত, এবার তার ব্যতিক্রম ছিল। তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বলেন, মজুরি ঘোষণার পরও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া, আন্দোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেফতারকৃতদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের সুপারিশ সরকারের কাছে করা হবে বলে তিনি জানান।