পারিবারিক ভ্রমণে সিলেটে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ চারজন। বুধবার ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। পুলিশ সূত্র অনুযায়ী, শাওন আমরান টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার মৃত এজাহার মিয়া কোম্পানির ছেলে এবং হোসাইন আহমদ টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

এ ঘটনার পর হোটেল ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। স্থানীয়ভাবে গ্রেপ্তার হওয়া শাওন আমরানের দুই চাচা আব্দুস শুক্কুর ও আব্দুর আমিনের বিরুদ্ধে মাদক কারবারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং তাদের নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমালোচনা চলে আসছিল। এছাড়া হোসাইন আহমদ টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আপাতত পুলিশের হেফাজতে রাখা হবে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা থেকে আসা পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।