সরকারি পূর্ত কাজ পেতে নতুন ঠিকাদারদের জন্য অভিজ্ঞতার শর্ত বড় পরিসরে শিথিল করার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ কোটি টাকা পর্যন্ত নির্দিষ্ট কিছু পূর্ত কাজে এই ছাড় দেওয়া হবে। এই সুযোগ মূলত মাটি কাটা, খাল কাটা, রাস্তা সংস্কার এবং সেতু ও কালভার্ট সংস্কারকাজের মতো ক্ষেত্রগুলোতে সীমাবদ্ধ থাকছে। সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) আওতায় লটারির মাধ্যমে বিজয়ী ঠিকাদারদের কাজ দেওয়া হবে। তবে কেনাকাটা কিংবা উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) ক্ষেত্রে এসব শর্ত শিথিল প্রযোজ্য হবে না।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) সংশোধনের মাধ্যমে নতুন ঠিকাদারদের দরপত্রে অংশ নেওয়ার সুযোগ সহজ করা হচ্ছে। সংসদের সর্বশেষ অধিবেশনে এ-সংক্রান্ত আইন ইতিমধ্যেই পাস হয়েছে। সংশোধিত বিধিতে নতুন ঠিকাদারদের অংশগ্রহণের জন্য তিনটি পৃথক শ্রেণিবিভাগ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে এক কোটি টাকা পর্যন্ত মূল্যমানের যেকোনো পূর্ত কাজে কোনো পূর্বঅভিজ্ঞতা লাগবে না; কেবল হালনাগাদ ট্রেড লাইসেন্স, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), ভ্যাট নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র থাকলেই এলটিএম দরপত্রে অংশ নেওয়া যাবে। দ্বিতীয় ধাপে পাঁচ কোটি টাকা পর্যন্ত এবং তৃতীয় ধাপে ১০ কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজের দরপত্রে অংশ নিতে ছোট কাজের অভিজ্ঞতা জমা দিতে হবে।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সূত্রে জানা গেছে, বিদ্যমান বিধিতে সীমিত দরপত্র পদ্ধতিতে ৫ কোটি টাকা পর্যন্ত কাজে পূর্বঅভিজ্ঞতা ছাড়া অংশ নেওয়া যেত, যা বিগত অন্তর্বর্তী সরকারের সময় সংশোধন করা হয়েছিল। তার আগে ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ৩ কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজে অভিজ্ঞতার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে গত ২১ সেপ্টেম্বর গণখাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করে। যেখানে গত ২০ বছর ধরে বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও প্রতিকূল পরিবেশ বা সুযোগের অভাবে সরকারি ক্রয়ে অংশ নিতে না পারা বঞ্চিত ব্যক্তিদের দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই অধ্যাদেশের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় দুই মাসের মাথায় বিধিমালা সংশোধনের পদক্ষেপ নেওয়া হলো।
সরকারের একাধিক কর্মকর্তা জানান, বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তৃণমূলে বিএনপির নেতা-কর্মীরা সরকারি কোনো কাজ না পাওয়ায় তাঁদের কাজের কোনো অভিজ্ঞতা তৈরি হয়নি। নতুন সরকার গঠনের পর দলীয় নেতা-কর্মীরা কাজের সুযোগ পেতে মন্ত্রী ও সংসদ সদস্যদের ওপর চাপ তৈরি করে আসছেন। এর আগে গত ৮ জুন তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমানে রাষ্ট্রপতি) সংসদে এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন, বিগত ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী ঠিকাদারদের একচ্ছত্র আধিপত্য ঠেকাতে সরকার বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পর্যালোচনা করছে।
সংশোধিত বিধিমালায় স্থানীয় শিল্প ও ঠিকাদারদের সুরক্ষায় কয়েকটি নতুন ধারা যুক্ত করা হচ্ছে। বিদেশি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে দরপত্রে অংশ নিতে চাইলে তাদের বাধ্যতামূলকভাবে দেশীয় কোনো কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে (জয়েট ভেঞ্চার) আসতে হবে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কোনো বাধ্যবাধকতা থাকলে বিদেশি কোম্পানি এককভাবে দরপত্র জমা দিতে পারবে। এ ছাড়া ট্রান্সফরমারসহ দেশে প্রস্তুতকৃত উন্নতমানের পণ্যের প্রাপ্যতা থাকলে তা বিদেশ থেকে আমদানি না করে স্থানীয় বাজার থেকে কেনা বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে এক জেলার ঠিকাদার অন্য জেলায় গিয়ে সীমিত দরপত্রে অংশ নিতে পারবেন না।
প্রচলিত আইনে দরপত্রের দুটি প্রাথমিক পদ্ধতি রয়েছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) সরকারি ক্রয়কারী সংস্থা কাজের প্রাক্কলিত দর প্রকাশ করে না, অন্যদিকে সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) সরকারের বাজেট বা কাজের ব্যয়সীমা উল্লেখ থাকে। বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান জানান, নতুন ঠিকাদারদের পথ সুগম করতে সংশোধিত বিধিতে একাধিক নতুন প্রস্তাব আনা হয়েছে। জনমত যাচাই প্রক্রিয়া শেষ করে চলতি বছরের মধ্যেই সংশোধিত বিধিমালা চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।