চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এক মাছের ঘেরের পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম বদর উদ্দিন (৫৩)। তিনি দর্শনা থানার গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিলের মাঠের মধ্য থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলের মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের মধ্যে নির্মিত একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে সুযোগ বুঝে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘাতকদের নৃশংস হামলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

বুধবার ভোরের দিকে স্থানীয় বাসিন্দারা মাঠে রক্তাক্ত অবস্থায় বদর উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও থানায় খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হঠাৎ ঘটে যাওয়া এই বর্বরোচিত হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে কোন শত্রুতায় বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে হত্যার নেপথ্য কারণ উদ্ঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।