দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রবাসীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে সেদেশের জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগ বিবেচনা করবে বাংলাদেশ সরকার। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাসের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি ও পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার তাদের দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করার বিষয়ে বিশেষ আগ্রহ দেখান। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসী বাংলাদেশিদের আনাগোনা যেমন সহজ হবে, তেমনি বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়।
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসীদের সুসংগঠিত যাতায়াত নিশ্চিত করতে জোহানেসবার্গ ও কেপটাউন রুটে বিমান যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
বৈঠকে পর্যটন খাতের প্রসারে পারস্পরিক সমন্বয়, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব দেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল। এ খাতে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করতে দুই দেশের মধ্যে একটি পর্যটনবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
এর জবাবে পর্যটন মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক রূপ সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করার প্রচুর সম্ভাবনা তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই খাতে সহযোগিতা বাড়াতে পারলে দুই দেশের মধ্যেই পর্যটক আদান-প্রদান, সাংস্কৃতিক ভাব বিনিময় এবং পর্যটনশিল্পের সার্বিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে। এজন্য অভিজ্ঞতা আদান-প্রদান ও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রতি জোর দেন তিনি।
গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।