কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) এবং মো. রমিজ (১৮)। এদের মধ্যে হাবিবুর রহমান ও রহমত উল্লাহর বাবার নাম আব্দুল জলিল এবং মো. রমিজের বাবার নাম মো. ইউসুফ।

এসআরবি-১৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযানটি চালায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।