বাজারে পণ্যের তালিকার হিসাব মেলাতে গিয়ে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। একদিকে কিছু পণ্যের দাম কমলেও ভোজ্যতেল, চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য রয়েই গেছে। বাজার নিয়ন্ত্রণে সরকার হাজার হাজার অভিযান পরিচালনা করেছে এবং ১৫ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৬৭টি মামলাও দায়ের করা হয়েছে। এতসব উদ্যোগের পরও বাজারে কাঙ্ক্ষিত স্বস্তি ফিরে না আসায় এসব অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে জানিয়েছেন, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ১০ হাজার ১৪৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স নিয়মিত বাজার তদারকি করছে। সরকারের দাবি, এই কার্যক্রমের মূল লক্ষ্য অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধ করা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসা নয়, বরং দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে মাত্র।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকার বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দুটি অভিযান পরিচালিত হচ্ছে। তবে পাইকারি বাজারে পণ্যের হাতবদল ও প্রতিটি পর্যায়ে মুনাফার হার চিহ্নিত না করে কেবল খুচরা বাজারে অভিযান চালিয়ে প্রকৃত উৎস বের করা কঠিন। এছাড়া খুলনা মহানগরীতে ২২০টি বাজার তদারকিতে ২৪৪টি প্রতিষ্ঠানকে ২৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা এবং দাকোপ ও বটিয়াঘাটায় ৫৫টি অভিযানে ১২৩টি প্রতিষ্ঠানকে ছয় লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তথ্য দিয়েছেন মন্ত্রী।
প্রতিযোগিতা কমিশনের তথ্যমতে, চাল, ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা-ময়দা, আলু ও পেঁয়াজের বাজারে সিন্ডিকেটের অভিযোগে মোট ৬৭টি মামলা হয়েছে। এর মধ্যে মাত্র আটটি মামলায় জরিমানা করা হয়েছে। বাকি মামলাগুলোর বর্তমান অবস্থা বা বাজারে এগুলোর কোনো দৃশ্যমান প্রভাব সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। এছাড়া সরকার স্বীকার করেছে যে, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহব্যবস্থার অনিয়ম মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। গ্যাস সিলিন্ডারের নির্ধারিত দাম না পাওয়ার বিষয়ে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে ৫৪২টি বাজার তদারকি করে ৭৮২টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিযোগিতা আইন, ২০১২-এর আওতায় চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলাসহ মোট ৬৭টি মামলা করেছে। এর মধ্যে আটটি মামলায় আর্থিক জরিমানা করা হয়েছে। বাকি মামলাগুলোর বর্তমান অবস্থা, নিষ্পত্তির সময়সীমা কিংবা বাজারে এসব মামলার প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে মামলার সংখ্যা দিয়ে সিন্ডিকেট কতটা দুর্বল হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।