দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশু মারা গেছে হামের উপসর্গে এবং বাকি দুজন প্রাণ হারিয়েছেন ডেঙ্গুতে। একই সময়ের ব্যবধানে সারাদেশে ১ হাজার ৪১২ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন ১ হাজার ১৫২ জন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু ও হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব হালনাগাদ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন ময়মনসিংহের এবং অপরজন খুলনার অধিবাসী। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম এবং এর উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১০৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ৭৪ জন নিশ্চিত হামের এবং ১ হাজার ৩৩৮ জন সন্দেহজনক হামের রোগী। এ নিয়ে ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৪ জনে এবং সন্দেহজনক হামের রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। সব মিলিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৮ হাজার ৯৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ডেঙ্গু সংক্রান্ত পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে মশাবাহিত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন। এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ১ হাজার ১৪৫ জন নতুন আক্রান্তের তথ্য জানিয়েছিল।