ঝালকাঠির রাজাপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রাজাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। এতে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন কমিটির সদস্য সচিব মোসা. শাহিদা শারমিন আফরোজ এবং সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাত। উপজেলা কৃষি অফিস সূত্রের তথ্যমতে, চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের অধীনে রাজাপুরের ১ হাজার ২০০ কৃষককে বিনামূল্যে খেসারি, সয়াবিন, চীনাবাদাম, মুগ ও হাইব্রিড সূর্যমুখী বীজ দেওয়া হচ্ছে। বীজের পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে, যার মূল লক্ষ্য কৃষকদের উৎপাদন খরচ কমানোর মাধ্যমে রবি ফসলের আবাদ ও মোট উৎপাদন বাড়ানো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান। এছাড়া বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক সংগঠনের প্রতিনিধি এবং বহু কৃষক-কৃষাণি এতে অংশ নেন।