মিশরের বৃহত্তর কায়রো এলাকায় একটি পেট্রোলিয়ামজাত পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপরের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পেট্রোলিয়ামজাত পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপরই এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রাকটির পাশাপাশি কয়েকটি গাড়ি ও একটি মিনিবাসও পুড়ে যায়। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
এদিকে, এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।