মিশরের একটি গুরুত্বপূর্ণ রিং রোডে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। গিজার আল-ওয়ারাক জেলার একটি টানেলের ওপরে বুধবার এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সরকারি কৌঁসুলির দপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, ঘটনাস্থলে থাকা প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ অন্তত ২৭টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। প্রসিকিউশন নিহতদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে ৩৯টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী আলি ইউসুফের ভাষ্যমতে, গাড়িগুলোর ভেতরে থাকা মানুষ বের হওয়ার সময়টুকুও পাননি; অগ্নিকাণ্ডে গাড়ি ও মানুষ সবই পুড়ে ছাই হয়ে গেছে।

রয়টার্সের ফুটেজে দেখা যায়, কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশকে সংযুক্তকারী এই রিং রোডের ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। দমকলের গাড়ি, পুড়ে যাওয়া মিনিবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলগুলো সরানোর জন্য বুলডোজার ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা কর্মী ও স্থানীয় বাসিন্দারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

মিশরে অতিরিক্ত গতি, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ এবং সড়কের বেহাল অবস্থার কারণে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। যদিও গত কয়েক বছরে জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের চাপ সামলাতে দেশটি নতুন মহাসড়ক ও সেতু তৈরির মাধ্যমে সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের বড় প্রকল্প হাতে নিয়েছে, তবুও এই অবকাঠামোগত উন্নয়ন সড়ক নিরাপত্তার ঝুঁকি পুরোপুরি দূর করতে পারেনি।