স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্ধারিত এই নতুন দর একই দিন সকাল ১০টা থেকে সারা দেশের বাজারে কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টানা দুই দফা বাড়ার পর মাঝখানে এক দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম ফের বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পুনরায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার গয়নার বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে গয়না পরিবর্তন (এক্সচেঞ্জ) কিংবা বিক্রির (পারচেজ) ক্ষেত্রে অলঙ্কারের মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পর এক্সচেঞ্জে ৯ শতাংশ এবং পারচেজে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম কার্যকর হবে। এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।