ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা (ডিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ডিবি জানিয়েছে, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তিনি রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। উল্লেখ্য, ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার সংসদ সদস্য থাকাকালে ২০২৪ সালে কলকাতায় খুন হন। কলকাতার একটি ফ্ল্যাটে তাকে খুন করে টুকরো টুকরো করে তার দেহাবশেষ নালায় ফেলে দেওয়া হয়েছিল।