জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত একটি চিরকুট পাঠানো হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই গুরুতর অভিযোগ তোলেন।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী আবু বাকের মজুমদারকে এই হুমকি দিয়েছে। তিনি আরও দাবি করেন, ক্ষমতা হারানোর পর থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার পর এখন তারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বকে নিশানায় পরিণত করেছে।
এ ধরনের জীবননাশের হুমকি ও চোরাগোপ্তা আক্রমণ প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন নাহিদ। সেই সঙ্গে গণঅভ্যুত্থানের মূল নেতৃত্ব, শহীদদের পরিবার এবং রাজপথের সক্রিয় যোদ্ধাদের সার্বিক ও পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
আবু বাকেরদের সাহসিকতার প্রশংসা করে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গুলির বিপরীতে বুক চিতিয়ে লড়াই করার যে অসীম সাহস আবু বাকের মজুমদাররা দেখিয়েছেন, তা পলাতক খুনিদের জানা নেই। এই রাজনৈতিক অপশক্তিকে আবারও রাজপথে পরাজিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।