বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে, তার সঙ্গে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। তিনি বিভিন্ন সীমান্তে এসে সভা ও হুমকি-ধমকির বিষয়টি তুলে ধরে বলেন, কেবল বেনাপোল নয়, বিভিন্ন সীমান্তে এই অপতৎপরতা চলছে। প্রতিবেশী দেশের অনেক রাজনৈতিক নেতা বাংলাদেশে ঢুকে পড়ার হুমকি দিচ্ছেন। তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই বাংলাদেশ সাধারণ মানুষের, তাই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

প্রতিবেশী দেশের প্রতি বন্ধুত্বের আহ্বান জানিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সীমান্তে অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ যখন প্রতিবাদ করবে, তখন সেই দেশের সরকারেরও দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, যারা অতীতে বাংলাদেশে গুম-খুন, রাজনৈতিক কর্মী হত্যা, দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যুক্ত ছিল, তাদের সঙ্গে সম্পর্ক না রেখে বাংলাদেশের সব মানুষের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রাখা উচিত। তিনি জানান, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে আমন্ত্রণ জানিয়ে কথা বলা হয়েছে এবং তিনি আশ্বস্তও করেছেন, তবে এখনো তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হবে। এ বিষয়ে যৌথ নদী কমিশন (জেআরসি) ও বিশেষ কমিটির পক্ষ থেকে প্রতিবেশী দেশে দুটি চিঠি পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এছাড়া তিনি ব্যক্তিগতভাবেও চিঠি পাঠিয়েছেন, যার কোনো সাড়া মেলেনি।

মন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্র কোথায় হচ্ছে তা আমরা জানি, তবে বাংলাদেশ বসে নেই। পানি সংরক্ষণের জন্য ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হচ্ছে, পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন।