অনলাইন ডেক্স নিউজ,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নুর আমিন (৫০) নামে এক অটোরিকশা চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আরও চারজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী–কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। তাদের মধ্যে শিউলি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যাত্রীবাহী অটোরিকশাটি উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিন নিহত হন এবং যাত্রীরা আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।