ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ সাজানো গল্প তৈরি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অনুরোধ বা চাহিদার ভিত্তিতে বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতেই এসপি আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।
গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। গ্রেফতারের সময় তিনি গাজীপুরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, নিহত মো. নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে এবং ছাত্রদল নেতা মহিউদ্দিনকে আটক করে নিয়ে যায়। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে কথিত বন্দুকযুদ্ধে জনি নিহত হন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর, ওই বছরের সেপ্টেম্বরে জনির বাবা মো. ইয়াকুব আলী তার ছেলের হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম যুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে ৪৯ জনই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে এই মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।