ফ্যাসিবাদী শক্তি এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না এবং তারা কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মানবতাবিরোধী অপরাধের আদালতে যাদের বিচার হচ্ছে, সেই বিচার প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশে যারা গণহত্যার জন্য দায়ী, তাদের প্রত্যেকের হত্যার বিচার করা হবে। তিনি আরও বলেন, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সংবিধান অনুসারে এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুযায়ী সেই ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।
সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই তদন্ত কার্যক্রম সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়ায় চার্জ গঠন করা হবে এবং চার্জশিট দেওয়া হবে। এরপর আদালত আইন অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারে সেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে।
পৃথিবীর ইতিহাসে স্বীকৃত কোনো দেশে যারা গণহত্যা চালিয়ে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছে এবং নিজ দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি বা ফিরতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রকৃত ফ্যাসিবাদী শক্তি এ দেশে আর ফিরতে পারবে না, কোনোদিন রাজনীতি করতে পারবে না। অবশ্য তারা কখনো রাজনীতি করেনি এবং তাদের রক্তে কখনো গণতন্ত্র ছিল না বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে তাদের জন্ম থেকে যে ইতিহাস, সেই ইতিহাসে কেবল একনায়কতান্ত্রিকতা ও স্বৈরতান্ত্রিকতা ছিল। তারা সাংবিধানিকভাবে একদলীয় রাষ্ট্রব্যবস্থার চূড়ান্ত ঘটনা কায়েম করেছিল এবং এর মধ্য দিয়ে তারা নিজেরাই নিজেদের দলকে দাফন করেছিল ও গণতন্ত্রকে দাফন করেছিল।