‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন সাগর। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা পদ্ধতি, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করা এবং এই খাতের রপ্তানি সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান ফারুক হোসেন শামীম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী এবং মুন্সিরহাট আল-আমিন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা হাজেরা বেগম।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম ও পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পোলট্রি ও ডেইরি খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।