মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মোঃ মামুনুর রশীদ জেলা প্রতিনিধি মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. সাকিব হোসেন (৩২) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাফুজুর রহমান পলেনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে নিজ বাড়ি থেকে সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। মুজিবনগর থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের ইনসাফাত শেখের ছেলে।
পুলিশ জানায়, সাকিব হোসেন মুজিবনগর থানার একটি নিয়মিত মামলার সন্দিগ্ধ পলাতক আসামি। তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০ লাখ ২০ হাজার টাকা জরিমানার আদেশসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
অন্যদিকে, একই রাতে রাত ২টা ৩০ মিনিটে মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মো. মাফুজুর রহমান পলেনকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মো. মনিরুল ইসলাম (মনি)-এর ছেলে।

পুলিশ জানায়, পলেন মেহেরপুর সদর থানার একটি নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি।
গ্রেফতারের পর দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে। মেহেরপুর জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।