"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. শারমিন জাহান।
সভায় বক্তারা ভাঙ্গুড়া উপজেলায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, স্থানীয়ভাবে উৎপাদন বাড়িয়ে প্রাণিসম্পদ খাতকে একটি রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা এখন সময়ের দাবি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক এবং উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।