ইরানের চালানো ড্রোন হামলায় কুয়েতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৬ নভেম্বর দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত ওই দুজন জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।

এর আগে ইতালির বার্তা সংস্থা আনসা দুই ইতালীয়র মৃত্যুর খবরটি প্রকাশ করেছিল। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক অবস্থায় হামলায় চারজন আহত হয়েছিলেন। আহতদের তালিকায় একজন কুয়েতি, একজন পাকিস্তানি এবং ওই দুজন ইতালীয় নাগরিক ছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কুয়েতের আকাশসীমায় বেশ কিছু শত্রুতামূলক ড্রোন শনাক্ত করার পর নিরাপত্তা বাহিনী সেগুলো মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।

ইরানের এই আগ্রাসনে দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওই চারজন আহত হন। তবে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো স্থাপনার নাম বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইতালির সংবাদপত্র লা রিপাবলিকা জানিয়েছে, নিহত প্রযুক্তিবিদরা ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ধারণা করা হচ্ছে, গত মার্চ মাস থেকে উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলা থেকে সুরক্ষা দেয়া এবং ইতালিতে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা বিশেষ দলের অংশ ছিলেন তারা।

এদিকে, এই হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেয়ার খবরের পর ইরাক হয়ে ইউরোপ থেকে আসা বেশ কিছু বিমানের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কুয়েত নিয়মিত হামলার শিকার হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্যমতে, উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবেই এসব আক্রমণ চালানো হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও অবস্থিত।