ইসলামাবাদে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছারখার
অনলাইন ডেক্স নিউজ:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘড়িয়া পাড়ায় অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শাহাজানের টিন ও পলিথিনে নির্মিত বসতঘরটি অল্প সময়ের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলতে দেখা গেলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে পরিবারের কষ্টার্জিত সম্পদ, ছেলের ব্যবসার জন্য রাখা প্রায় অর্ধলক্ষ টাকা, খাদ্যসামগ্রী, আসবাবপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কামরুন নাহার জানান, “এই ঘরটিই ছিল আমাদের একমাত্র আশ্রয়। এখন আমরা সম্পূর্ণ অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি।”
স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, পরিবারটি অত্যন্ত অসচ্ছল। তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।